আ’লীগ নেতার সহযোগিতায় চক্ষু শিবির, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সহযোগিতায় চক্ষু শিবির আয়োজনের অভিযোগে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই নেতার পরিবর্তে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
পদ হারানো নেতা হলেন মো. ফিরোজ মাহমুদ। তিনি নগরীর বায়েজিদ থানাধীন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়া মো. সালাহ উদ্দিন কাদের একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
রোববার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মামুনের সহযোগিতায় রোববার এলাকায় চক্ষু শিবিরের আয়োজন করেন ফিরোজ মাহমুদ। ওই অনুষ্ঠানে তাঁকেসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফিরোজ মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- আওয়ামী লীগ
- স্বেচ্ছাসেবক দল