একটি পা কেটে নিয়ে ভিক্ষাবৃত্তিতে নামায় চক্র, দাবি কিশোর রায়হানের
রায়হান উদ্দিন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৫
সৎ মায়ের অত্যাচারের কারণে সাত মাস আগে বাড়ি থেকে পালিয়েছিল ১২ বছরের কিশোর রায়হান উদ্দিন। চুল কাটার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বাসে কক্সবাজার যায় সে। সেখান থেকে একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায়। রায়হানের দাবি, ওই চক্রের সদস্যরা তার ডান পা কেটে দিয়ে কমলাপুর রেলস্টেশনে বসিয়ে ভিক্ষাবৃত্তিতে নামায়। প্রতিদিন তাকে ৫০০ টাকা করে দিতে হতো চক্রের সদস্যদের।
আজ রোববার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ১৯ দিনব্যাপী চুনতি সীরত মাহফিলের সমাপনী দিনে রায়হানকে খুঁজে পান তার বাবা নাজিম উদ্দিন। সীরাত ময়দানে রায়হানকে ঘোরাফেরা করতে দেখে তাঁর এক প্রতিবেশী বিষয়টি নাজিমকে জানান। পরে তিনি সেখানে গিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসেন।
রায়হান চুনতি ইউনিয়নের সাতগড় নয়াপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। বাড়িতে ফেরার খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে ভিড় করেন স্থানীয়রা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
নাজিম উদ্দিন বলেন, ‘ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেছি। সাত মাস আগে চুল কাটতে গিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। আমার ছেলের এমন পরিণতি যারা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’
রায়হান জানায়, ঢাকায় নিয়ে যাওয়ার পর চক্রের সদস্যরা তার ডান পা কেটে দেয়। পরে তাকে কমলাপুর রেলস্টেশনে বসিয়ে ভিক্ষা করতে বাধ্য করা হয়। প্রতিদিন ৫০০ টাকা করে চক্রের সদস্যদের দিতে হতো। ওই চক্রে তার মতো আরও কয়েকজন শিশু রয়েছে বলেও দাবি করেছে সে। তবে চক্রের কারও পরিচয় সে জানে না।
কৌশলে ওই চক্রের কাছ থেকে বের হয়ে সীরত মাহফিলে চলে আসে বলে জানায় রায়হান। পরে সেখানেই বাবার সঙ্গে তার দেখা হয়।