ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে জাহেদুল আলম হত্যায় গ্রেপ্তার ১২ 

একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

চট্টগ্রামে জাহেদুল আলম হত্যায় গ্রেপ্তার ১২ 
×

বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১১

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল আলম (৩৩) হত্যা মামলায় এজাহারনামীয় ১২ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে মো. আজাদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

পুলিশ সুপার জানান, ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কাটা ও চুরির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের সূত্রপাত। মানিক নামের এক যুবক ওই ভিডিও ফেসবুকে পোস্ট করলে জাহিদ ক্ষুব্ধ হন। পরে স্থানীয় একটি মিষ্টির দোকানের সামনে জাহিদ মানিক ও তাঁর সহযোগীদের হুমকি দেন। এ বিরোধের জের ধরে গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়ার নদুন হাট এলাকায় আসামিরা জাহিদকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর করে।

পুলিশ জানায়, ওই রাত ১০টার দিকে জাহিদ তাঁর সঙ্গী মো. ওয়াহিদকে নিয়ে মোটরসাইকেলে বাজালিয়া স্টেশনের উদ্দেশে রওনা হন। পথে পুরানগড় ইউনিয়নের বাজালিয়া-শীলঘাটা সড়কের ভাঙ্গারগোড়া এলাকায় আসামিরা গাছের গুঁড়ি ও ভ্যানগাড়ি দিয়ে তাঁদের পথরোধ করে। পরে দা, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে জাহিদের ওপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে জাহিদ মারা যান। আহত হন তাঁর সঙ্গী ওয়াহিদও।

হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায় বলে জানান এসপি। পরে জেলা ডিবির একাধিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রথমে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে মো. আজাদ ও মো. হেলালকে গ্রেপ্তার করে। এরপর গত কয়েকদিন ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল আসামিসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার আজাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জাহেদুল আলম হত্যার ঘটনায় গত ২ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় মামলা করেন তাঁর মা মনোয়ারা বেগম। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন জসিম উদ্দিন (৫০), জয়নাল আবেদীন মানিক (২৬), মো. রিদুয়ান (২৬), মো. টিপু (৩৫), আবু মাজহারুল ইসলাম ইফাজ (২০), আবদুল্লাহ আল তুষার (৩০), খোরশেদ আলম ওরফে ফারুক (৫২), মো. রবিউল হোসেন (২১), আবুল কাশেম (৩৮) ও হাবিবুর ইসলাম ওরফে হাবিব (২৮)।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×