ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান বিএনপি নেতা ইদ্রিস মিয়া

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান বিএনপি নেতা ইদ্রিস মিয়া
×

ইদ্রিস মিয়া

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৬

চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পটিয়ার মো. ইদ্রিস মিয়া। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারা অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে নগরবাসীর নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্রাহকসেবার মান বাড়ানো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন ইদ্রিস মিয়া। একই সঙ্গে ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

চট্টগ্রাম ওয়াসার সামনে পানি সরবরাহের পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, চলমান প্রকল্প বাস্তবায়নে গতি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও বকেয়া রাজস্ব আদায়ের মতো চ্যালেঞ্জ রয়েছে। ওয়াসার তথ্য অনুযায়ী, সাধারণ গ্রাহক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে সংস্থাটির মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা রাজস্ব বকেয়া রয়েছে।

মো. ইদ্রিস মিয়া চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বাসিন্দা। তিনি ছনহরা ইউনিয়ন পরিষদের একাধিকবার সদস্য ও চেয়ারম্যান এবং পরে অবিভক্ত পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

×