ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ত্রিশাল

অটোরিকশা-মাহেন্দ্রকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২ আহত ১০

অটোরিকশা-মাহেন্দ্রকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২ আহত ১০
×

অটোরিকশা ও মাহেন্দ্রকে ধাক্কা দেওয়ার পর উল্টে গেছে ইউনাইটেড পরিবহনের বাসটি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২১

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন নিহত ও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহেন্দ্র ও একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার সকালে উপজেলার বৈলর ইউনিয়নের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার রুদ্রগ্রাম মুন্সিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে বজলুর রহমান ওরফে ডালিম (৩৬) এবং কাজীর শিমলা খানবাড়ি এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে রাইতুল হাসান খান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস কাজীর শিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহেন্দ্রকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকেও পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। পরপর কয়েকটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর বাসটি সড়কের পাশের আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীর ভেঙে কাত হয়ে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রতে থাকা বজলুর রহমান ওরফে ডালিম ও রাইতুল হাসান খান মারা যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়া সিএনজি চালক, দুটি মাহেন্দ্রর চালক ও তিন নারী যাত্রীসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে আসে ইউনাইটেড বাসটি। দুর্ঘটনার পরপরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ত্রিশাল থানা পুলিশ।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহম্মেদ জানান, দুই মাহেন্দ্র ও এক সিএনজিতে বাসের ধাক্কায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

আরও পড়ুন

×