ছুরি দেখিয়ে রিকশা থামালেন, পকেট থেকে নিলেন টাকা-মুঠোফোন—ভিডিও ভাইরাল
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইন এলাকায় এক রিকশাযাত্রীকে ছুরির মুখে আটকে তার কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিতে দেখা যায় দুই ছিনতাইকারীকে। ছবি- ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২৩
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে সতীশ বাবু লেইনে ছুরি হাতে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকালে কোতোয়ালি থানা থেকে প্রায় দুইশ হাত দূরে দুই ছিনতাইকারী একটি রিকশার গতিরোধ করে মধ্যবয়সী এক যাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাতও করা হয়।
ছিনতাইয়ের এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর চট্টগ্রামে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে নগরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভিডিওতে দেখা যায়, সকালে মানুষশূন্য সড়কে একটি রিকশা থামিয়ে দুই ছিনতাইকারী রিকশার যাত্রীর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছেন। পাশের একটি ভবন থেকে এক বাসিন্দা ছিনতাইয়ের পুরো দৃশ্য ভিডিও করেন।
ভিডিওতে দেখা যায়, দুই ছিনতাইকারী দুই দিক থেকে ছুরি হাতে রিকশাটির গতিরোধ করেন। প্রথমে তাদের একজন যাত্রীর শার্টের পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। যাত্রী বাধা দিলে হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করেন। এরপর তার প্যান্টের পকেটে থাকা মুঠোফোন নেওয়ার চেষ্টা করেন। যাত্রী তাতেও বাধা দিলে ছুরি দিয়ে প্যান্টের ওপর পোচ দেন।
এ সময় ছিনতাইকারীদের ছুরির আঘাতে যাত্রী বলতে থাকেন, ‘আরে ভাই, দিতাছি তো, ঘাই মারতেছেন কেন।’
তবে রিকশাচালককে কোনো কিছু করেননি ছিনতাইকারীরা।
ছিনতাইয়ের দৃশ্য দেখে আশপাশের ভবনের ওপর থেকে বাসিন্দারা ‘এই, এই, মার-মার’ বলে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে ছিনতাইকারীরা যাত্রীকে ছেড়ে দেন। পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান তারা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ‘ফেসবুকে ছিনতাইয়ের একটি ভিডিও দেখেছি। পুলিশ এ নিয়ে খোঁজখবর করছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।’ সতীশ বাবু লেনে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
- বিষয় :
- চট্টগ্রাম
- ছিনতাই
- ভিডিও ভাইরাল