মিটিং হয়, দিন যায়, রাত আসে—কোনো সমাধান হয় না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জনসভায় কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ২৩:০১ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ২৩:০২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা দেখতে পেয়েছি, নির্বাচন কমিশনার এবং যিনি প্রতিমন্ত্রী, বিশিষ্ট চাঁদাবাজ মীর শাহে আলম; তিনি হা-ডু-ডু খেলছেন। নির্বাচন কমিশনার বলেন যে, আমরা নির্বাচন অতিদ্রুত দিয়ে দিব। মীর শাহে আলম বলেন, কিছুই জানি না। নির্বাচন কমিশন বলে, রাজা-বাদশা মহোদয় আপনি যা বলেছেন তাহাই শিরোধার্য। পরবর্তীতে আবার মিটিং ডাকছে। নির্বাচন নিয়ে মিটিং হয়, দিন যায়, রাত আসে—কোনো সমাধান হয় না। সমাধান এক দপ্তরেই আটকে আছে, সেটা হলো বাংলাদেশের নব্য ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তর।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের দালাল আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ)। আর একটা হলো মানুষের পকেট কেটে নেওয়া চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে। এই নষ্টদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যদি এই নষ্টরা তাদের কার্যক্রম চালিয়ে যায় তাহলে আগামীকাল তারেক রহমানের সন্তান জাইমা রহমানও বিপদে পড়বে। কারণ, জাইমা রহমানও আগামীর ভবিষ্যৎ। আমাদের সমবয়সী প্রজন্ম।
তিনি বলেন, আমরা বলতে চাই, আমরা অনেক কষ্ট-সাধনা করে এই বৈপ্লবিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে। আপনারা বলেছিলেন, আগে নির্বাচন দেন, তাহলে বাংলাদেশে সংস্কার হয়ে যাবে। যদি নির্বাচন দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি নির্বাচন দেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নির্বাচন হয়ে গেল, চাঁদাবাজি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, দুর্নীতি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, সন্ত্রাসী বেড়েই চলছে। এখন আমরা প্রশ্ন রাখতে চাই, এগুলো কারা করে?
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি এ এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এ ছাড়া বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইব প্রমুখ।
- বিষয় :
- চট্টগ্রাম
- নাসীরুদ্দীন পাটওয়ারী