টানা বৃষ্টিতে তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ২০.৫ ডিগ্রিতে
ছবি: সমকাল
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১২:৩০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:৩৩
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমেছে। গতকাল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এতে ভ্যাপসা গরমের অস্বস্তি কমে এলাকায় স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে।
আবহাওয়া সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে ভ্যাপসা গরম কমে চারদিকে এক ধরনের শীতল আমেজ বিরাজ করছে।
আবহাওয়ার হঠাৎ পরিবর্তন প্রসঙ্গে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হঠাৎ করেই আবহাওয়ায় একটা ঠান্ডা ভাব চলে এসেছে। তাপমাত্রা কমে যাওয়ায় গরমের অস্বস্তি থেকে অনেকটাই স্বস্তি মিলেছে।
বৃষ্টি ও ঠান্ডা আমেজের এই পরিবেশ সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরাতেও স্বস্তি এনে দিয়েছে।