ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম

‘ছিনতাইকারী’ ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ সদস্যের

‘ছিনতাইকারী’ ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ সদস্যের
×

আল আমিন সরদার

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৫:০৪

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনের সময় দুর্ঘটনাটি ঘটে। আল আমিন সরদার সিএমপির অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার বাড়ি মাদারীপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।

পুলিশ জানায়, রোববার সকালে ওয়াসা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালনের সময় আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য সন্দেহজনকভাবে হাঁটতে থাকা তিন যুবককে থামার সংকেত দেন। এ সময় তাদের একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তার পিছু নেন। আল আমিনও মোটরসাইকেল নিয়ে অন্য পথ দিয়ে গিয়ে ওই যুবককে আটকানোর চেষ্টা করেন।

একপর্যায়ে আল আমিন মসজিদের পশ্চিম ফটকের দিকে এগিয়ে গেলে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুতগতিতে এসে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসের চালক ও স্টাফকে আটক করেন। 

আহত আল আমিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস চালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, চমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল আল আমিনের মৃত্যু হয়েছে। তার লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন

×