টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহ্বায়কের পদত্যাগ
শাহিদ আলম
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৫:২৯
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিন পর পদত্যাগ করেছেন উপজেলা আহ্বায়ক শাহিদ আলম। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে রোববার বিকেলে তিনি গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে শাহিদ আলম লিখেছেন, তিনি এনসিপির গোপালগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক ও টুঙ্গিপাড়া উপজেলা আহ্বায়ক পদে আছেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি সব পদ থেকে অব্যাহতি নিয়েছেন। একই সঙ্গে আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না বলেও উল্লেখ করেন তিনি।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে তিনি পদত্যাগ করেছেন। পাশাপাশি তার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে যুক্ত হয়ে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব ফেরদৌস আমিনা। তিনি বলেন, শাহিদ আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে তারা এখনো সেটি গ্রহণ করেননি।
ফেরদৌস আমিনা আরও বলেন, শাহিদ আলম চেয়েছিলেন কমিটি যেন প্রকাশ না হয়। তিনি এনসিপি করবেন, সেটিও কেউ জানবে না-এমনটা তিনি চেয়েছিলেন। তার অপকর্মের দায় দলের ওপর পড়বে, সেটি মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এনসিপির ১১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে কমিটির অনুমোদন দেন।
- বিষয় :
- গোপালগঞ্জ
- টুঙ্গিপাড়া
- এনসিপি
- পদত্যাগ