ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই আবার দখলে রাস্তা-ফুটপাত

উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই আবার দখলে রাস্তা-ফুটপাত
×

মঙ্গলবার দিনভর জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে এসব অভিযান পরিচালনা করা হয়। ছবি: সমকাল

মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৬:১৫

মৌলভীবাজার পৌরশহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দিনভর অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ ও জরিমানা করা হলেও অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই আবার আগের চিত্রে ফিরেছে শহরের সড়ক ও ফুটপাত। স্থানীয়দের ভাষায়, ‘সকালে উচ্ছেদ, বিকেলেই দখল।’

মঙ্গলবার দিনভর জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌরসভা আইন লঙ্ঘনের দায়ে সাতটি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় চারটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

একই দিন পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে শহরের শমসেরনগর রোড ও পশ্চিম বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে একই আইনের ১০৯ ধারায় তিনটি মামলা করে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং পৌরশহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

তবে স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু অভিযান চালিয়ে জরিমানা আদায় করলে স্থায়ী সুফল মিলবে না। উচ্ছেদের পর নিয়মিত তদারকি ও দখল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
 

আরও পড়ুন

×