এবারও গ্রেপ্তার করা যায়নি বগাকে, নগর ভবনে পুলিশকে বাধার অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১১:১৫
চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েও সফল হয়নি পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর টাইগারপাস এলাকায় সিটি করপোরেশনের নগর ভবনে বগার অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হলেও পুলিশকে ভবনে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশের একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ৯টার দিকে নগর ভবনে অভিযান চালায় খুলশী থানা পুলিশ। এ সময় ভবনটি ঘিরে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন নগর ভবনের ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে বাধার মুখে পড়তে হয়। পরে বগাকে গ্রেপ্তার না করেই পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগ উঠেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হস্তক্ষেপের কারণে বগা গ্রেপ্তার এড়িয়ে সেখান থেকে চলে যেতে সক্ষম হন। তবে মেয়রের একান্ত সচিব মো. মারুফুল হক এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।
অভিযান চলাকালে নগর ভবন থেকে বের হওয়ার সময় মেয়রকে ঘিরে থাকা লোকজন সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেন বলেও অভিযোগ রয়েছে। একপর্যায়ে কয়েকজন সাংবাদিককে ধাক্কা দেওয়া এবং তাদের মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
ঘটনাস্থল ছাড়ার সময় গাড়িতে ওঠার আগে সেখানে যাওয়া সংবাদকর্মীদের উদ্দেশে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আপনারা এখানে কী জন্য এসেছেন? সিটি করপোরেশনে একশ মানুষ আসবে। আপনারা চলে যান।’
এদিকে ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকেরা সিএমপির উপকমিশনার (উত্তর) কার্যালয়ে গেলে সেখানে খুলশী থানার ওসিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলছিল বলে জানা যায়। প্রায় তিন ঘণ্টা পর রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, উপকমিশনার কার্যালয়ে নেই।
অভিযানের বিষয়ে জানতে সিএমপির উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ৩ সেপ্টেম্বর খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমকে অকথ্য ভাষায় গালাগাল ও পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বগার বিরুদ্ধে। পরদিন ভোরে তাকে গ্রেপ্তার করতে খুলশী ও পাহাড়তলী এলাকায় অভিযান চালালে পুলিশের ওপর বগার অনুসারীদের হামলার অভিযোগ ওঠে।
ওই হামলায় খুলশী থানার ওসিসহ ৬ থেকে ৮ জন পুলিশ সদস্য আহত হন এবং ওসির সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে পুলিশ জানায়। পরে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মধ্যে বাসার একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে বগা পালিয়ে যান বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বগা ও তার ভাই রকি হোসেন ওরফে পিচ্চিসহ ২৭১ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করে। পুলিশের তথ্য অনুযায়ী, বগার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।
এর মধ্যে সোমবার দিবাগত রাতে নগরের সি-বিচ এলাকা থেকে বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। তারা হলেন পটিয়ার ধলঘাট ডেঙ্গাপাড়া এলাকার সৈয়দ আহমদের দুই ছেলে মো. বাবুল ওরফে বাবু ও মো. আবু তাহের ওরফে কালু এবং মেয়ে ফাতেমা আক্তার ওরফে বালি। তারা দীর্ঘদিন ধরে খুলশী থানার জালালাবাদ সি-বিচ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- শীর্ষ সন্ত্রাসী
- অভিযান পরিচালনা