মৌলভীবাজারে এনসিপির ৬ নেতাকে বহিষ্কার
ফাইল ছবি
মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:৩৫
অভ্যন্তরীণ দ্বন্দ্ব, শৃঙ্খলা পরিপন্থি আচরণ ও সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া নেতারা হলেন– মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ, জাতীয় যুবশক্তির সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য জাবেদ রহমান, জাতীয় ছাত্রশক্তির মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব শাফকাত হোসেন সাদেক ও মুখ্য সংগঠক মামুন রহমান রাজু।
গত মঙ্গলবার রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপির মৌলভীবাজার জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত। এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তাঁকে বহিষ্কার করা হলো।
অন্য বিজ্ঞপ্তিতে জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে দলীয় কার্যক্রম থেকে তাঁকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
পৃথক বিজ্ঞপ্তিতে জাতীয় যুবশক্তির দপ্তর উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাকিল আহমদ ইকবাল ও জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত/আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদ ছয় নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- মৌলভীবাজার
- এনসিপি
- বহিষ্কার