ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ: মেয়র শাহাদাত

চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ: মেয়র শাহাদাত
×
×

ছবি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১১:৪৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১১:৫২

চট্টগ্রামে রোগীর চাপ বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোকে হিমশিম খেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শুক্রবার নগরের বায়েজিদ লিংক রোডে সাজিনাজ হাসপাতালের নতুন ১০০ শয্যার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলুন উড়িয়ে নতুন ভবনের উদ্বোধন করেন মেয়র।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে নানা রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ডেঙ্গু ও হামে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। ফলে সরকারি হাসপাতালগুলো ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে চিকিৎসাসেবার পরিধিও বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, সেবার মান ও রোগীবান্ধব পরিবেশের কারণে সাজিনাজ হাসপাতাল ইতিমধ্যে চট্টগ্রামের মানুষের আস্থার জায়গা তৈরি করেছে। রোগীদের চাহিদা বিবেচনায় হাসপাতালটির শয্যাসংখ্যা ১০০-তে উন্নীত করতে নতুন ভবন নির্মাণ প্রশংসনীয় উদ্যোগ। এ জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।

হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, মানবসেবার লক্ষ্য নিয়ে সাজিনাজ হাসপাতালের যাত্রা শুরু হয়। আল্লাহর রহমতে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। রোগীদের চাহিদার পরিপ্রেক্ষিতে হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করতে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালটি ইতিমধ্যে আইএসও ৯০০১:২০১৫ সনদ পেয়েছে। ভবিষ্যতে আইএসও ১৫১৮৯ সনদ অর্জন এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের সদস্য হওয়ার লক্ষ্যে কাজ চলছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তমিজউদ্দীন মানিক, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং ডা. এসএম সরওয়ার আলম।

এ সময় হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, হাসান মাহমুদ চৌধুরী, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×