ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পাবনা মানসিক হাসপাতালে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

পাবনা মানসিক হাসপাতালে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
×
×

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৬:০৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ১৬:০৬

‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’ প্রতিপাদ্য সামনে রেখে পাবনা মানসিক হাসপাতালের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে দিবসটি উপলক্ষে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল চত্বর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম শফিউল আযম, তত্ত্বাবধায়ক ডা. এহিয়া কামাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোর্শেদ, পাবনা নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তারা বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া জরুরি। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

দিবসটি পালনের মধ্য দিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়ানো, আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ মেন্টাল হেলথ রিসার্চ ইনস্টিটিউটের ২০১৮-২০১৯ সালের যৌথ গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে বিভিন্ন বয়সের প্রায় ৫ কোটি ২২ লাখ ৭৩ হাজার ৪৪৫ মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। পাবনা মানসিক হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. শফিউল আযম এ তথ্য জানিয়ে সমকালকে বলেন, দেশের বড় সমস্যাগুলোর একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। এ বিষয়ে গুরুত্ব না দিলে পরিস্থিতি দিন দিন আরও প্রকট হতে পারে। বর্তমানে আক্রান্ত মানুষের সংখ্যা আরও বেড়েছে ।

গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যার ২৯ দশমিক ৩১ শতাংশ কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১৬ দশমিক ২৯ শতাংশ বা ২ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ১৯৬ জন। আর ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে ১৩ দশমিক ২ শতাংশ বা ২ কোটি ৪৫ লাখ ৪১ হাজার ৭৭৮ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে উল্লেখ করা হয়েছে।

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য দেশে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে রয়েছে পাবনা মানসিক হাসপাতাল। তবে পর্যাপ্ত জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবসহ নানা সমস্যায় হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রমও চ্যালেঞ্জের মুখে রয়েছে।

আরও পড়ুন

×