ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
×
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:৪৪

বিয়ের কথা বলে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে এসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লোকমান নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, চট্টগ্রাম নগরের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

মামলার বিবরণে জানা যায়, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার প্রতিশ্রুতি দেন। এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি হোটেলে ওঠেন লোকমান।

এজাহারে অভিযোগ করা হয়, হোটেলের একটি কক্ষে কিশোরীকে ধর্ষণ করেন তিনি।

এজাহারে আরও বলা হয়, পরদিন ৩ অক্টোবর কিশোরীকে নগরের মুরাদপুর এলাকায় নামিয়ে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের ঘটনা জানায় কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়।

মামলার পর অভিযান চালিয়ে রোববার ভোরে লোকমানকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রোববার ভোরে আসামি লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ নিয়ম মেনে কক্ষ ভাড়া দিয়েছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

×