ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে সহায়তার হাত

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে সহায়তার হাত
×
×

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৯:৫৩

কুমারখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা, জনপ্রতিনিধি, প্রবাসী, স্থানীয় প্রশাসনসহ অনেকে। পরিবারটিকে পুনর্বাসনের জন্য কেউ নগদ টাকা, কেউ বাঁশ-খুঁটি, কেউবা দিয়েছেন খাদ্য ও বস্ত্র সহায়তা।

সবশেষ ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা দেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী রিপন হোসেন। মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে দিনমজুর হাসান আলীর হাতে নগদ টাকা তুলে দেন তিনি।

হাসান আলী কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী রেলপাড়া এলাকার বাসিন্দা। পেশায় দিনমজুর হাসান আলীর নিজস্ব কোনো জায়গা-জমি নেই। রেললাইনের ধারে টিনের ছাপরা ঘরে স্ত্রী নুপুর খাতুন, প্রতিবন্ধী ছেলে হোসেন আলী ও বৃদ্ধ মা ফাতেমা খাতুনের সঙ্গে বসবাস তাঁর।

গত ৫ অক্টোবর ভোরে হাসান আলীর বাড়িতে আগুন লাগে। প্রতিবেশীরা ছুটে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, আসবাব, চাল-ডাল, কাপড়চোপড় সবকিছু পুড়ে যায়। এ ঘটনা নিয়ে ওইদিন সমকালের অনলাইনে ‘২০ মিনিটের আগুনে সব শেষ, অবশিষ্ট শুধু খুঁটি কয়ডা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ নজরে এলে কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু ২১ হাজার টাকা, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহেদ আহমেদ ১২ হাজার টাকা, নন্দলালপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর ইসলাম খোকন ২০ হাজার টাকা এবং খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী রিপন হোসেন ২০ হাজার টাকা সহায়তা দেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বস্তা শুকনা খাবারের ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার বিকেলে সরেজমিন দেখা যায়, রেললাইন ঘেঁষে বেশকিছু বসতি গড়ে উঠেছে। সেখানকার দিনমজুর হাসান আলীর বাড়ির জায়গাটি ফাঁকা। পড়ে আছে কয়েকটি পোড়া খুঁটি ও কিছু আসবাব। এ সময় হাসান আলী জানান, ২০ মিনিটের আগুনে তাঁর সব কিছু পুড়ে গেছে। তাঁর নতুন ঘর নির্মাণের সামর্থ্য নেই। বর্তমানে পরিবার নিয়ে অন্যের বাড়িতে বসবাস করছেন। তিনি বলেন, ‘আগুনে পোড়ার পর তা নিয়ে খবর হলে অনেকেই পাশে দাঁড়িয়েছেন। আজ (মঙ্গলবার) বিএনপি নেতা রিপন হোসেন ২০ হাজার টাকা দিছেন। আর ১০ থেকে ১৫ হাজার টাকা হলেই নতুন ঘর তৈরির কাজ শুরু করব।’

খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন জানান, সমকালের ভিডিও সংবাদ দেখে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাধ্যমতো ২০ হাজার টাকা সহায়তা করেছেন তিনি। আরও অনেকে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার জানান, ঘটনার দিন শুকনো খাবার দিয়ে সহযোগিতা করা হয়েছে। লিখিত আবেদন পেলে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।

আরও পড়ুন

×