ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় এনসিপি কার্যালয়ে আগুন

বগুড়ায় এনসিপি কার্যালয়ে আগুন
×
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৮:৩৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৮:৪৫

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন এনসিপির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক এনসিপির কার্যালয়ে তেল বা পেট্রোল জাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। অন্যজন দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছেন। তবে তাদের মুখমণ্ডল স্পষ্ট বোঝা যায়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, বুধবার দিবাগত রাত ১টা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা অত্যন্ত ন্যক্কারজনকভাবে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। সকালে বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে জানাই। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা দেখছে। 

তিনি আরও বলেন, কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান মন্তব্য করে সুলতান মাহমুদ বলেন, তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। এ ছাড়া অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই দলকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। তবে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে কারো নাম বলা মুশকিল। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×