পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীর পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি- সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৮:৪০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৮:৫০
পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ বাস্তবায়নসহ আন্তর্জাতিক পানি আইনে দেশের ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশের যে প্রত্যাশা, তা ভারতীয় রাষ্ট্রদূতের কাছে তুলে ধরা হয়েছে। তিনি সেই বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে নয়াদিল্লিতে অবস্থান করছেন। আমরা অপেক্ষা করছি তার দেশে ফেরার ও তিনি কী বার্তা নিয়ে ফেরত আসেন। আশা করছি একটি নতুন দ্বার উন্মোচন হবে। ভারতের শুভবুদ্ধির উদয় হবে। তারা ফারাক্কা চুক্তির নবায়ন করবে এবং আন্তঃসীমান্ত নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করবে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজশাহীর পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফরহাদ হোসেন বলেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তি শেষ হচ্ছে। এ নিয়ে বাংলাদেশ সরকার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে। আমরা আশা করছি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গ্যারান্টি ক্লজ দিয়ে ফারাক্কা চুক্তি করেছিলেন, সে অনুযায়ী ভারত আরেকটি চুক্তি নবায়ন করবে।
এর আগে প্রতিমন্ত্রী পবা উপজেলার নওহাটা ব্রিজ সংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত, দুষনমুক্ত ও দখলমুক্তকরন শীর্ষক প্রকল্পের এলাকা পরিদর্শন করেন। পরে তিনি গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা ও শহরের আই-বাঁধ, টি-বাঁধ ও শহর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন। এসময় পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন।
- বিষয় :
- নদী
- পানি উন্নয়ন বোর্ড
- ফরহাদ হোসেন আজাদ