ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নারী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

নারী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
×
×

ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২৩:৫৭

মাঠের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

আজ শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

নারী ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাছলিমা আক্তার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিমা।

ফুটবলের পাশাপাশি দাবা প্রতিযোগিতায়ও ছিল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বিতা। এ ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। ১৪ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন

×