দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় প্রস্তুত সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৯:৪১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ০৯:৪২
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে, তবে এ নিয়ে সরকার বিচলিত নয়।
গতকাল সোমবার রাতে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে দুর্গাপূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে সরকার তাতে বিচলিত না হয়ে সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। কুষ্টিয়ায় অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা থাকলেও সেখানে লালনমেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে। আমি নিজেও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।
এসব ঘটনায় দেশের মানুষ বিচলিত নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার পূর্ণ প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলায় সক্ষম, এ বার্তাই দেওয়া হচ্ছে।
শারদীয় দুর্গোৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের পারস্পরিক ঐক্য বাংলাদেশের অন্যতম শক্তি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় পরিচয়ের ভেদাভেদ বাংলাদেশের মানুষ ধারণ করে না।
তিনি বলেন, একটি সুবিধাবাদী গোষ্ঠী কখনো রাজনৈতিক, কখনো সামাজিক, আবার কখনো অর্থনৈতিক স্বার্থে মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন সৃষ্টির চেষ্টা করে। কিন্তু প্রতিবারই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই অপচেষ্টা মোকাবিলা করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আবারও প্রমাণ করেছে, সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়। ইতিমধ্যে সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।
রামকৃষ্ণ আশ্রম ও মিশন পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শহরের বেজপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল এবং রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দী মহারাজসহ অন্যরা।
- বিষয় :
- বিদ্যুৎ প্রতিমন্ত্রী