ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চাঁদপুরে মেয়েকে ধর্ষণ, মায়ের মামলায় বাবা গ্রেপ্তার

চাঁদপুরে মেয়েকে ধর্ষণ, মায়ের মামলায় বাবা গ্রেপ্তার
×

গ্রেপ্তার মনির -সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০ | ২২:১৭

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

একাধিকবার শ্লীলতাহানি এবং ধর্ষণের পর মেয়েটির মা  বাদি হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, মনির হোসেন স্ত্রী, ২ ছেলে ও ১৪ বছরের এক মেয়েসহ ঢাকায় বসবাস করে আসছিলেন। দেশের চলমান লকডাউনের কারণে তিনি গ্রামের বাড়িতে আসেন। গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধর্ষণ করেন তিনি। এ সময় নিজ মেয়েকে ভয় দেখিয়ে এ ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেন। পরে গত ২৫ সেপ্টেম্বর মা তার মেয়েকে ঢাকায় নিয়ে যান। সেখানে গেলে মেয়ে মাকে বাবার ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে মেয়েটির মা দ্রুত ঢাকা থেকে এলাকায় আসেন এবং নিজ শাশুড়ির মুখের বর্ণনা শুনে ফরিদগঞ্জ থানায় মনির হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মেয়েটির মা বলেন, স্বামী মনির মেয়েকে বিয়ে দেবেন না বলেও হুমকি দিয়েছেন। মেয়েটি বাবার ভয়ে চুপ ছিলো। আমি বাড়িতে না থাকায় বিষয়টি খুলে বলার সাহস পায়নি।

এদিকে এ ব্যাপারে এলাকাবাসী জানান, মনির হোসেন আগে থেকে এলাকায় মাদক ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় মনিরের ফাঁসি চান তারা।

ফরিদগঞ্জ থানার ওসি মো. আব্দুর রকিব বলেন, আমরা ভিকটিমের মায়ের অভিযোগ এবং সার্বিক বিষয় যাচাই-বাছাই করে মনিরের বিরুদ্ধে মামলা নিয়েছি। সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন মনির তার মেয়েকে মোলাস্ট করতো। পরে তাকে ধর্ষণ করা হয়। ভিকটিম তার বাবার সামনেও ধর্ষণের কথা বলেছে।

আরও পড়ুন

×