ফেরি চলাচল ব্যাহত, পাটুরিয়া ঘাটে অপেক্ষায় ৭০০ ট্রাক
পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের লাইন। ছবি: সমকাল
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২০ | ১০:৩৮
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রচণ্ড স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে পণ্যবাহী প্রায় ৭০০ ট্রাক। কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি বন্ধ থাকায় বৃহস্পতিবার রাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহনের চাপ বাড়ে।
শুক্রবার সরেজমিন পাটুরিয়া ঘাটে দেখা যায়, বাস ও কোচ কম থাকলেও প্রায় ৭শ পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি চলাচলে প্রায় ১৫-২০ মিনিট করে সময় বেশি লাগছে। তবে যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এতে ট্রাকচালকদের ২-৩ দিন করে ঘাট এলাকায় পড়ে থাকতে হচ্ছে।
চট্টগ্রাম থেকে আসা ট্রাকচালক আলাল শেখ জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত পার হতে পারেননি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, স্রোতের কারণে ফেরি চলাচলে সময় বেশি লাগছে। ফলে যানবাহনগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে।
- বিষয় :
- ফেরি চলাচল ব্যাহত
- পাটুরিয়া
- ঢাকা
- মানিকগঞ্জ
- শিবালয়
