মুদি দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ১৩:০১
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর এলাকার একটি মুদি দোকান থেকে শুক্রবার সন্ধ্যায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৫০ বস্তা চাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় শনিবার সংশ্নিষ্ট ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ সরকার বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলো- ডিলার মতিউর রহমান শেখ, মুদি দোকানি শাহীন শেখ ও বসন্তপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার বাসিন্দা রাজীব তালুকদার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মতিউর রহমানের দোকান থেকে ১০ বস্তা চাল রাজাপুর এলাকার শাহীনের মুদি দোকানে নেওয়ার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী চালগুলো জব্দ করে বসন্তপুর ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে খবর দেয়। পুলিশ গিয়ে চালগুলো জব্দ করে। পরে শাহীনের দোকান থেকে আরও ৪০ বস্তা চাল উদ্ধার করা হয়।
বসন্তপুর ইউপি চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু জানান, তিনি ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি। তার ইউনিয়নের কোলারহাট বাজারের ডিলার মতিউর অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করবে- এমন খবর পেয়ে ইউপি মেম্বারদের খোঁজ-খবর নিতে বলেন। শুক্রবার বিকেলে জানতে পারেন মহারাজপুরের মুদি দোকানদার শাহীন চাল কিনে তার দোকানে নিয়ে যাচ্ছে। শাহীনের দোকানের সামনে থেকে মেম্বার ও এলাকাবাসী ভ্যানসহ ১০ বস্তা চাল জব্দ করে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান খুলে আরও ৪০ বস্তা চাল উদ্ধার করে।
তিনি আরও জানান, মতিউর ডিলার হলেও রাজীব নামে এক ব্যক্তি তা পরিচালনা করে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের শাস্তির দাবি জানান তিনি।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে ১০ বস্তা চাল পান। পরে শাহীনের দোকান থেকে আরও ৪০ বস্তা চাল উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান জানান, চালগুলো জব্দ করে রাজবাড়ী সদর থানায় দেওয়া হয়েছে। পাশাপাশি এ ব্যাপারে মামলা করে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর কার্যালয়ে পাঠানো হয়েছে। দুদক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ব্যাপারে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
- বিষয় :
- রাজবাড়ী
