চেক প্রতারণা মামলা
প্রজেক্ট বিল্ডার্সের এমডি ও পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০৮:৪৪
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আমিনুল ইসলাম ও পরিচালক প্রকৌশলী আমিন ফারজানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার চট্টগ্রাম তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত এ পরোয়ানা জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী সিরাজুল মোস্তফা মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৬ সালে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের দেওয়া দুই কোটি ও ৯৫ লাখ টাকার দুটি চেক ডিজঅনার হয়। কেএসআরএম কর্তৃপক্ষ তাদের কাছে বারবার ধরনা দিয়েও টাকা আদায়ে ব্যর্থ হয়। প্রজেক্ট বিল্ডার্স লিমিটেডের এমডি ও পরিচালক নানাভাবে সময়ক্ষেপণ করতে থাকেন। ফলে নিরুপায় হয়ে আদালতে চেক প্রতারণা মামলা করে কেএসআরএম।
অ্যাডভোকেট মাহমুদ জানান, ১৯ নভেম্বর তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে মামলার সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। ওই দিন আসামিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। পাশাপাশি বাদীর সাক্ষ্য গ্রহণ করেন।
