চট্টগ্রামে ছুরিকাঘাতে রিকশাচালক খুন
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৭:১২
চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, রোববার স্থানীয় কিছু ছেলে দক্ষিণ কাট্টলী এলাকায় আড্ডা দিচ্ছিল। এসময় রিকশা চালক মাহবুবের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তাকে মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি। তবে কী নিয়ে বাকবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
