পাবিপ্রবির অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৬
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স -সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৯:৪৭
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অ্যাম্বুলেন্সের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও শিক্ষার্থীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজাপুরে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিকেলে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আন্তবিভাগীয় ফুটবল খেলায় অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীকে নিয়ে কয়েকজন পাবনা জেনারেল হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফেরার পথে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুরে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে আনার পথে অ্যাম্বুলেন্সের চালক রাজু আহমেদ (৩২) মারা যান।
পুলিশ জানায়. আহতদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোকনুজ্জামান ও ফারহান, ট্রাকের চালক ও সহকারী এবং দুজন পথচারী রয়েছেন। তাদের মধ্যে রোকনুজ্জামানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
