ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসের মাথায় রোডমার্চ-লংমার্চ কেন, প্রশ্ন পানিসম্পদ মন্ত্রীর

৬ মাসের মাথায় রোডমার্চ-লংমার্চ কেন, প্রশ্ন পানিসম্পদ মন্ত্রীর
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৬ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৬

সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় বিরোধীদের রোডমার্চ ও লংমার্চের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ফটোশপ করি না। আমরা বাস্তবে কাজ করতে চাই।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ-সংলগ্ন খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের উদ্যোগে ওই কর্মসূচি আয়োজন করা হয়। 

পানিমন্ত্রী এ্যানি বলেন, সরকার মাত্র ছয় মাস আগে কাজ শুরু করেছে। এরই মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এত বড় কর্মসূচির সব কাজ ছয় মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়।

বিরোধী দলের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ছয় মাসের মাথায় আজকে উনারা কী রোডমার্চ আর লংমার্চ করবেন? ২০ হাজার কিলোমিটার খাল কি খনন হয়ে গেছে? বলার সুযোগ আছে?

পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে এ্যানি বলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডে এক থেকে দুই দিন করে কাজ করলে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে পুরো কার্যক্রম সম্পন্ন করা সম্ভব বলেও জানান তিনি।

২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা স্বপ্নের মধ্যে থাকতে চাই না। এই স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে চাই, বাস্তবায়ন করতে চাই।

ইতিমধ্যে খাল খননের কাজ শুরু হয়েছে এবং এর সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনার কথা উল্লেখ করে এ্যানি বলেন, তার দূরদর্শী চিন্তা থেকেই ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে। ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান নতুন স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গত ছয় মাস ধরে কাজ শুরু হয়েছে।

খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য ও বাফুফের সহসভাপতি ওয়াহিউদ্দিন চৌধুরী হ্যাপি, সহযোগী সংগঠনের নেতারা, যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সভাপতি মাহবুবুল আলম মামুন, স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সালমান হায়দার রাশেদ, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×