ময়নামতি ওয়ার সিমেট্রিতে ব্রিটিশ হাইকমিশনারের শ্রদ্ধা
ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিক্সন -সমকাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ১০:২০ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ১০:২৫
কুমিল্লার ময়নামতি সেনানিবাস-সংলগ্ন ওয়ার সিমেট্রি পরিদর্শনে এসে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিক্সন।
শুক্রবার সকাল সোয়া ১০টায় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধি ক্ষেত্র পরিদর্শনে আসেন। নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ঘণ্টাব্যাপী সমাধি ঘুরে দেখেন এবং বিভিন্ন সমাধির ছবি ধারণ করেন।
এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে সাংবাদিকদের কাছে পরিদর্শন নিয়ে অনুভূতি ব্যক্ত করেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে সকাল সোয়া ১১টার দিকে ওয়ার সিমেট্রি এলাকা ছেড়ে যান।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান, ডিআইও-১ মাহবুব মোরশেদ, বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শুক্রবার ময়নামতি কমনওয়েলথ যুদ্ধ সমাধি ক্ষেত্রে স্মরণসভায় কমনওয়েলথভুক্ত হাইকমিশনাররা এলেও এবার স্মরণসভা হয়নি।
জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে এ সমাধিতে সমাহিত করা হয়। ১৯৬২ সালে ১ জনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে এখানে বর্তমানে সমাধি রয়েছে ৭৩৭ জনের।
