বরিশালে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ১০:৫১ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ১০:৫৪
বরিশাল নগরীর আবাসিক হোটেলে সোহরাব হোসেন সিকদার (৪৫) নামে এক বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার পকেট থেকে যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে এক নারীও ছিল।
পুলিশ ও চিকিৎসকদের ধারণা, যৌন উত্তেজক বড়ি সেবন করায় উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
সোহরাব সিকদার বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল গ্রান্ড প্লাজার একাধিক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীকে (২৮) নিয়ে সোহরাব হোটেলের ১০১ নম্বর কক্ষে ওঠেন। হোটেল রেজিস্টারে তিনি ওই নারীকে তার স্ত্রী উল্লেখ করেন। রাত সাড়ে ১১টার দিকে সোহরাব অসুস্থ হয়ে পড়েন। রাতেই ওই নারী ও হোটেলের লোকজন তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোহরাবকে মৃত ঘোষণা করেন।
শেবাচিম হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি থানার উপপরিদর্শক নাজমুল হুদা জানান,
চিকিৎসক সোহরাবকে মৃত ঘোষণার পর পরই ওই নারী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা
করছিলেন। এ সময় জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি সোহরাবের শ্যালকের
স্ত্রীর বান্ধবী। প্রায় আড়াই বছর আগে মোবাইল ফোনে তাদের মধ্যে পরিচয় ও
প্রেমের সম্পর্ক হয়। সোহরাব বিবাহিত ও তিন সন্তানের জনক জেনেও তিনি সম্পর্ক
বজায় রাখেন। ওই নারী আরও জানান, সোহরাব তাকে বিয়ে করেছিলেন। তবে বিয়ে
রেজিস্ট্রি না হওয়ায় কাগজপত্র নেই। ওই নারীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া
হলেও সে পুলিশের নজরদারিতে রয়েছে।
- বিষয় :
- বরিশাল
- বিএনপি নেতা
- রহস্যজনক মৃত্যু
