নড়াইলে আ'লীগ নেতার বিরুদ্ধে শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ১১:০৫
নড়াইলের লোহাগড়ায় শিক্ষককে হাতুড়ি ও রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার অপরাধ, তিনি উপজেলার শালনগর মডার্ন একাডেমির ম্যানেজিং কমিটি নির্বাচনে এক সভাপতি প্রার্থীকে ভোট দেননি। শিক্ষক শেখ ফরহাদ হোসেনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
ফরহাদ হোসেন শালনগর মডার্ন একাডেমির ক্রীড়া শিক্ষক। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সহসভাপতি সালেক মুন্সীকে প্রধান আসামি করে শুক্রবার লোহাগড়া থানায় ২৬ জনের নামে মামলা করেছেন ওই শিক্ষকের স্ত্রী লতিফা পারভীন।
ফরহাদ অভিযোগ করেন, ১৮ নভেম্বরের নির্বাচনে সালেক মুন্সী ভোট চেয়েছিলেন; কিন্তু তিনি ভোট দিয়েছেন রাজা মিয়াকে। পরে রাজা মিয়া সভাপতি নির্বাচিত হওয়ায় সালেক আমার ওপর ক্ষিপ্ত হন। আমাকে বলেছেন, নির্বাচনে যত টাকা ব্যয় হয়েছে, তা তাকে দিতে হবে। এরপর থেকে প্রায়ই আমার বাসায় রাতে ইট ছুড়ে মারা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রড, হাতুড়ি ও লাঠি নিয়ে অনেক মানুষ বাসার সামনে জড়ো হয়। এ অবস্থা দেখে সরে যেতে চাইলে তারা আমাকে বেধড়ক পেটায়।
সালেক মুন্সী বলেন, 'ঘটনার সময় শালনগরে ছিলাম না। কারা কেন তাকে মেরেছে, তা জানি না।'
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী জানান, এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে।
