ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফরিদপুরে শুরু হলো সাহিত্য সম্মেলন

ফরিদপুরে শুরু হলো সাহিত্য সম্মেলন
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ১১:০৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ১১:০৭

 শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরে দু'দিনের সাহিত্য সম্মেলন শুরু হয়েছে। আলাওল সাহিত্য পুরস্কার প্রদান উপলক্ষে স্থানীয় কবি জসীমউদ্‌দীন হল মিলনায়তনে দু'দিনের এ সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা।

'আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর' গানের সঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবীবুল্লাহ সিরাজী বলেন, এ দেশে মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে একটি ভাষা বিশ্ববিদ্যালয় গঠন করা প্রয়োজন। ভাষা বিশ্ববিদ্যালয় মানুষকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন করবে। ফলে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও কূপমণ্ডূকতা থেকে মুক্ত থাকা যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্তসহ বাঙালি মনীষার ধারক ও বাহক। এ কারণেই বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ জন্ম নিতে পেরেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবুল ফয়েজ শাহনেওয়াজ। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিনুর রহমান ফরিদ। বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সিরাজ ই কবীর ও সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল।

অনুষ্ঠানে ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রয়াত দেশি ও বিদেশি বরেণ্য ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ করেন সাংস্কৃতিক কর্মী নির্মলেন্দু চক্রবর্ত্তী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কবি মুহম্মদ নূরুল হুদা। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার সকাল ১০টায় 'বাংলা কথাসাহিত্যে মুক্তিযুদ্ধ' শীর্ষক সেমিনার হবে। এতে সভাপতিত্ব করবেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক সরকার আব্দুল মান্নান।

বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন।

এ সাহিত্য সম্মেলনে ২০১১ এবং ২০১২ সালে আলাওল সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ছয় কবি ও সাহিত্যিককে পুরস্কারে ভূষিত করা হবে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- 'বলি যে তারানা হচ্ছে' কাব্যগ্রন্থের জন্য কবি আলতাফ হোসেন, 'মেঘ পাহাড়' উপন্যাসের জন্য ওয়াসি আহমেদ, 'মুক্তিযুদ্ধে রাইফেল্‌স ও অন্যান্য বাহিনী' মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থের জন্য সুকুমার বিশ্বাস, 'ঘরে ফেরা সোজা নয়' কাব্যগ্রন্থের জন্য আসাদ চৌধুরী, 'এইসব জীবনযাপন' ছোটগল্পের জন্য রফিকুর রশীদ ও 'জলপুত্র' উপন্যাসের জন্য হরিশঙ্কর জলদাস।

পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট, উত্তরীয় ও ১০ হাজার করে টাকা দেওয়া হবে। সাহিত্য সম্মেলন উপলক্ষে একটি স্যুভেনির প্রকাশিত হচ্ছে।


আরও পড়ুন

×