সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
বন্দুকযুদ্ধে নিহতরা -সংগৃহীত ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ২০:২৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০০:২৫
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের কামালনগর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দীপ (২৫) ও সাইফুল ইসলাম (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা হয়েছে।
শনিবার ভোরে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের ৩ কনস্টেবল আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র, ৪ রাউন্ড গুলি, ২টি চায়নিজ চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে।
নিহত দীপ সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে এবং সাইফুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি সাতক্ষীরার কালীগঞ্জে বিকাশ কোম্পানির ২৬ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলায় শুক্রবার দীপ ও সাইফুলকে কালীগঞ্জ থানা পুলিশ আটক করে। পরে তাদের নিয়ে টাকা উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় সহযোগীরা ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা কয়েক রাউন্ড গুলি করে। এ সময় দীপ ও সাইফুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- বন্দুকযুদ্ধ
- পুলিশ
- সন্ত্রাসী