মাদরাসাছাত্রীকে অ্যাসিড ছুড়ে পালানোর সময় আটক তারা
আটক রতন ও রিপন -সমকাল
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ২০:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০০:৩০
পাবনার চাটমোহর সবুরা খাতুন (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর শরীরে অ্যাসিড ছোড়ার অভিযোগে দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সবুরা খাতুন উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন-উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৮) ও বনগ্রাম পুকুরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭)।
ছাত্রীর বাবা সলিলুর রহমান জানান, শুক্রবার রাতে ঘরে পড়াশোনা করছিল সবুরা। ঘরের দরজা খোলা ছিল। এ সময় তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালানোর সময় রতন ও রিপনকে আটক করে স্থানীয়রা। পরে এসিড আক্রান্ত সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। কি কারণে অ্যাসিড ছোড়া করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
- বিষয় :
- পাবনা
- এসিড নিক্ষেপ
- মাদরাসাছাত্রী