কুবিতে ভর্তি পরীক্ষা না দিয়ে মেধা তালিকায়, তদন্তে কমিটি গঠন
মেধা তালিকায় ১২তম হয়েছেন ওই শিক্ষার্থী (বাঁয়ে), তবে পরীক্ষার দিন উপস্থিতির তালিকায় তার স্বাক্ষর নেই
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০১:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৩:১৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই মেধা তালিকায় ১২তম হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রেজিস্ট্রার জানান, কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স্বপ্নল চন্দ্র মজুমদার ও সদস্য সচিব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর বিকেল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একজন আবেদনকারী ছিলেন মেধা তালিকায় ১২তম হওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থী। কেন্দ্রীয় সিট প্ল্যান অনুযায়ী তার সিট পড়েছিল কোটবাড়ির টিচার্স ট্রেনিং কলেজে। কেন্দ্রের সিট প্ল্যানের পাওয়া তথ্য অনুযায়ী ভর্তি পরীক্ষার্থীর নাম মো. সাজ্জাতুল ইসলাম। বাবার নাম মো. রেজাউল করিম। ভর্তি পরীক্ষায় রোল নম্বর ২০৬০৫০। ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার হলে সরবরাহ করা উপস্থিতির তালিকায় স্বাক্ষরের ঘরে সাজ্জাতের স্বাক্ষর নেই। তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। তবে ১২ নভেম্বর প্রকাশিত 'বি' ইউনিটের ফলে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম ‘বি’ ইউনিটের (মানবিক) মেধা তালিকায় ১২তম স্থান অধিকার করেছেন।
- বিষয় :
- কুবি
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- ভর্তি পরীক্ষা