ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

নাচে-গানে চট্টগ্রামে নবান্ন উৎসব

নাচে-গানে চট্টগ্রামে নবান্ন উৎসব
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৫

চট্টগ্রাম নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল নবান্ন উৎসব। উৎসবে দর্শকদের মন ভরিয়েছে আবহমান বাংলার ঢোলবাদন, বাউল গান, শিশুদের নাচ-গানসহ নানা আয়োজন। ছোটদের সাংস্কৃতিক জগৎ শিশুমেলা এই নবান্ন উৎসবের আয়োজন করে। এটি তাদের পঞ্চম আয়োজন। প্রতি বছরের মতো এবারও গ্রামবাংলার তিনজন প্রান্তিক কৃষক হারুনুর রশিদ, মো. সোহেল এবং সোলায়মান চৌধুরী বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

প্রতি বছর নগরীর ডিসি হিল প্রাঙ্গণে নবান্ন উৎসবের আয়োজন করা হলেও জেলা প্রশাসনের সিদ্ধান্তে দুই বছর ধরে সাংস্কৃতিক আয়োজন বন্ধ রয়েছে। এ নিয়ে গতকাল জেএমসেন হল প্রাঙ্গণে আয়োজিত নবান্ন উৎসবে আমন্ত্রিত অতিথি ও উৎসবের আয়োজকরা জেলা প্রশাসনের কড়া সমালোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নবান্ন উৎসব বাঙালির প্রাণের উৎসব। এটা আমাদের ঐতিহ্যের, সংস্কৃতির অংশ। নতুন প্রজন্ম যারা শহুরে জীবনে বেড়ে উঠছে, তারা হয়তো এর সঙ্গে এত পরিচিত নয়। এ ধরনের আয়োজন যত বেশি হবে, আমাদের নতুন প্রজন্ম বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টির সঙ্গে তত বেশি পরিচিত হবে। তিনি আরও বলেন, এক সময় ডিসি হিল চট্টগ্রামের সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল। কিন্তু কেন জানি না এক ধরনের বাধার কারণে সেটা ম্রিয়মাণ হয়ে গেছে।

উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির কো-চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, মেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক প্রণব বল ও সমন্বয়ক রুবেল দাশ প্রিন্স।

আরও পড়ুন

×