চট্টগ্রামে নববধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০৯:৪৬
চট্টগ্রামে বিয়ের দুই মাসের মাথায় পারিবারিক কলহের জেরে শারমিন আক্তার সুমি নামে এক গৃহবধূকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে নগরের পাঁচলাইশ থানার নাজিরপাড়া মানিক ভিলার নিচতলায় এ ঘটনা ঘটে। স্বামী লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত সুমির মা চেমন আরা বেগম বলেন, 'দুই মাস আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের সময় ৫০ হাজার টাকা এবং আসবাবপত্র দিয়েছি। কিন্তু বিয়ের পর থেকেই তাকে মারধর করত লিটন। এ নিয়ে সালিশও হয়েছে। তাদের মধ্যে মিলমিশ করে দিয়েছি। মেয়েকে বলেছি, তোর বাবা, বড় ভাই নেই। কোনোভাবে সংসার কর। সোমবার রাতে লিটন ফোন করে জানায়, সুমি অসুস্থ। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে এসে দেখি মেয়ের লাশ।'
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মিজানুর রহমান বলেন, নিহত গৃহবধূর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, নিহত সুমির মা বাদী হয়ে মেয়ের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন। এরই মধ্যে স্বামী লিটনকে গ্রেফতার করা হয়েছে।
- বিষয় :
- নববধূকে হত্যা
- স্বামী গ্রেফতার
- চট্টগ্রাম
