চট্টগ্রামে রাত আটটার পর বন্ধ থাকবে দোকানপাট
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২১ | ০৯:৩৫
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রাত আটটার পর থেকে দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তবে ওষুধের দোকান এর আওতামুক্ত থাকবে। বুধবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভা শেষে এ নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পর্যটন স্পটে জনসমাগম বন্ধ ও হোটেল রেস্তোরাঁয় আসনের অর্ধেকের বেশি লোককে খাবার পরিবেশন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, বুধবার থেকে সকল প্রকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান রাত আটটার পর থেকে বন্ধ রাখতে হবে। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। বিষয়টি মনিটরিংয়ে সন্ধ্যার পর থেকে জেলা প্রশাসনের ১২টি মোবাইল টিম মাঠে থাকবে। পর্যটন স্থানগুলোতে যাতায়াতের রাস্তা বন্ধ করতে নগর পুলিশকে অনুরোধ করা হয়েছে। পতেঙ্গায় জনসমাগম ঠেকাতে জেলা প্রশাসনের তিনটি টিম কাজ করবে।
তিনি বলেন, গণপরিবহণে ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তদারকিতে বিআরটিএ'র তিনজন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। হোটেল-রেস্তোরাঁয় আসনের অর্ধেকের বেশি লোককে খাবার পরিবেশন করা হলে প্রথমে দ্বিগুণ জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে হোটেল সিলগালা করে দেওয়া হবে।