মুক্তিযোদ্ধাদের কটাক্ষের প্রতিবাদ, অফিস সহকারীর হাত ভেঙে দিলেন যুবলীগ নেতা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:১০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৩
বাউফলে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে কথা বলার প্রতিবাদ করায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মো. ইউনুচ মিয়াকে পিটিয়ে বাঁ হাত ভেঙে দিয়েছেন যুবলীগ নেতা। গত রোববার রাত সাড়ে ৮টার সময় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মঞ্চ তৈরির সময় এ ঘটনা ঘটে। আহত ইউনুচ মিয়া বাউফল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা শেষে বাউফল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করেছে।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মঞ্চের কাজ তদারকি করছিলেন ইউনুচ মিয়া। মাঠের পূর্বপাশে মুক্তিযোদ্ধাদের বের হওয়ার জন্য একটি গেট করা হয়। গেটের কাছেই সাইফুলের বিউটি পার্লারের দোকান। গেটটি কীসের জন্য সাইফুল জানতে চাইলে ইউনুচ মিয়া বলেন, বয়স্ক মুক্তিযোদ্ধাদের বের হওয়ার জন্য। এ কথা বলতেই সাইফুল ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাষায় গালাগাল করতে থাকে। ইউনুচ তাকে নিবৃত্ত করতে গেলে তাকে ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সবাইকে কটাক্ষ করে সে কথা বলতে থাকে। এর প্রতিবাদ করায় ইউনুচের শার্টের কলার ধরে লাঠি দিয়ে পিটিয়ে তার বাঁ হাত ভেঙে দেয় সাইফুল। পরে ইউনুচকে অন্য কর্মচারীরা উদ্ধার করে বাউফল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সাইফুল পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের কথিত সমর্থক ও যুবলীগ নেতা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম মিয়া বলেন, মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে কথা বলা খুবই দুঃখজনক। এর প্রতিবাদ করায় একজন সাধারণ মানুষকেও মারধরের শিকার হতে হলো। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ জন্যই কি দেশ স্বাধীন করতে লড়াই করেছিলাম?
এ বিষয়ে বাউফল পৌর মেয়র বলেন, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের আওয়ামী লীগে স্থান নেই। সে তার কোনো কর্মী নয়। এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এজাহার পেয়েছি, সাইফুলকে আটকের চেষ্টা চলছে।
- বিষয় :
- যুবলীগ নেতা
- বাউফল
