ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রাম

মসজিদ থেকে চুরির টাকায় অনলাইনে জুয়া খেলেন তারা

মসজিদ থেকে চুরির টাকায় অনলাইনে জুয়া খেলেন তারা
×

আটক আরিফ ও সুমন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো 

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৫:৪১ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১৫:৫১

চট্টগ্রামে জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার তাদের কারাগারে পাঠান আদালত।

সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, মসজিদের সিসিটিভি চেক করে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, চুরির কিছু টাকা উদ্ধার হয়েছে, বাকি টাকা অনলাইন জুয়া খেলে খরচ করে ফেলে তারা।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে সদরঘাট থানার পোস্ট অফিস সংলগ্ন মসজিদের ইমাম তামজিদ রহমানের অফিস কক্ষে দুই লাখ ২০ হাজার টাকা রেখে যান। পরে আসরের নামাজের পর কক্ষে গিয়ে তিনি টাকা না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি কক্ষ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন। রাত সাড়ে ৯টার দিকে ইমাম সদরঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে আরিফ (৩৬) নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।

পরে সদরঘাট থানার এএসআই ইসমাইল ও মোশফিকের নেতৃত্বে একটি দল হালিশহর থানার ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজারসংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে আরিফকে আটক করে।

পরবর্তীতে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে আরিফের কাছ থেকে এক লাখ ২৬ হাজার ৫০০ টাকা এবং মো. সুমন (৩৬) নামের আরেকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করে। উদ্ধার করা মোট টাকার পরিমাণ এক লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন

×