ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে চার খুন

দ্বিতীয় দফায় সিদ্ধার্থ ও মুগ্ধকে কারাগারের গেটে জিজ্ঞাসাবাদ

দ্বিতীয় দফায় সিদ্ধার্থ ও মুগ্ধকে কারাগারের গেটে জিজ্ঞাসাবাদ
×

সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৫

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে কারাগারের গেটে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জিন্নাত আলীসহ ডিবির দুই সদস্য রংপুর কেন্দ্রীয় কারাগারের প্রবেশ গেটের পাশে হাজতি-কয়েদি শাখার ইনচার্জের কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে মঙ্গলবারও তাদের তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমরা আসামিদের জিজ্ঞাসাবাদের যে অনুমতি পেয়েছিলাম, আজ তার শেষ দিন। আসামিদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। একটি মামলায় যতটুকু সীমা থাকে, সব আমরা দেখব। তদন্তের সীমা অসীম। তদন্তের প্রয়োজনে যতটুকু গভীরে যাওয়া লাগে, আমরা ততটুকু গভীরে যাব। 

গত ২২ আগস্ট নগরীর মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের (১২) লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর তদন্তে নেমে সিদ্ধার্থ দাস ও তার চাচাতো ভাই মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে তারা হত্যাকাণ্ডের বিষয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

এর আগে পুলিশ জানিয়েছিল, ইয়াবা সেবন দেখে ফেলায় এবং সামাজিক সম্মানের ভয়ে গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর পরিবারের অন্য তিনজনকেও হত্যা করা হয়। ওই দিন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ইয়াবা সেবন করেছিল বলে জানায় পুলিশ।

আরও পড়ুন

×