টিভি সাংবাদিকদের সঙ্গে সভায় অহিংস কর্মসূচির প্রতিশ্রুতি জামায়াতের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০১
বেসরকারি টেলিভিশন চ্যানেলের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সাংবাদিকরা ভালো কর্মসূচির পরামর্শ দিয়েছে। জামায়াত তাদের প্রতিশ্রুতি দিয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে যেসব কর্মসূচি দলটি পালন করবে তা হবে অহিংস।
বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক হয়। এরপর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৈঠকের আলোচনা তুলে ধরেন সংবাদমাধ্যমের কাছে।
সভায় অংশ নেন বাংলাভিশনের প্রধান সম্পাদক আবদুল হাই সিদ্দিক, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার বার্তা প্রধান মনিউর রহমান, এটিএন নিউজের বার্তা প্রধান শহিদুল আজম, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির বার্তা প্রধান ইলিয়াস খান, এখন টিভির বার্তা প্রধান মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের বার্তা প্রধান ওয়ালিউর রহমান মেরাজ।
আরও উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের সিইও এবং বার্তা প্রধান নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির বার্তা মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের প্রধান বার্তা সম্পাদক সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, চ্যানেল টোয়েন্টিফোরের বার্তা প্রধান জহিরুল আলম, এসএ টিভির বার্তা প্রধান ওয়াহিদ মিল্টন, বৈশাখী টিভির বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, দীপ্ত টিভির বার্তা প্রধান এস এম আকাশ, মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, জিটিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন নবিন, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, মাই টিভির প্রধান সম্পাদক মাহমুদ আল ফয়সাল, বাংলা টিভির পরিচালক বার্তা মীর নূর উস শামস শান্তনু, চ্যানেল এসের সিইও সুজিত চক্রবর্তী, গ্রিন টিভিরবার্তা প্রধান মাহমুদ হাসান, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান কামরুজ্জামান বাবলু প্রমুখ।
জামায়াতকে সাংবাদিকরা ‘ভালো ভালো’ রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, টিভি চ্যানেলের শীর্ষ নির্বাহীরা বলেছেন, বিরোধীদল হিসেবে জামায়াত যে ভূমিকা রাখছে, তা অতীতের যে কোনো সময়ের তুলনায় গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।
গোলাম পরওয়ারের ভাষ্য, সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে এবং তা হবে- অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। জামায়াত রাজপথের সব আন্দোলনও অহিংস করতে চায়।
সাংবাদিকরা কী বলেছেন- প্রশ্নে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, ইলেকট্রনিক মিডিয়ায় বিদ্যমান সমস্যার বিষয়ে কথা বলেছেন। তারা বলেছেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, তা টিভিতে নেই। বেতন কাঠামো নেই, ওয়েজ বোর্ড নেই, কাঠামোগত অবস্থান নেই।
গোলাম পরওয়ারের ভাষ্য, জামায়াত আমির এসব সমস্যা তুলে ধরা এবং সমাধানে ভূমিকার রাখার কথা বলেছেন। জামায়াত সেক্রেটারি জানান, জনদুর্ভোগ নিয়ে কথা বলেছেন টিভি সাংবাদিকরা। জামায়াত আমির তাদের বলেছেন, যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয়, তাহলে রাজনীতিতে সংকট তৈরি হবে। তাই, ভিন্নমত ছাড়াই সরকারের গণভোটের রায় মেনে নেওয়া উচিত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসের সংকট, সন্ত্রাস এবং দলীয়করণসহ নানা ইস্যু জামায়াত সভায় তুলে ধরেছে বলে জানিয়েছেন গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সংবাদ পরিবেশন ছাড়াও জনমত ও জাতীয় ঐকমত্য তৈরিতে টিভি চ্যানেল ভূমিকা রাখতে পারে।
জামায়াতের জন্য পরামর্শ কিংবা কোনো ত্রুটি দেখলে তা খোলামেলা জানানোর আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। মতবিনিয়ম সভায় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, রফিকুল ইসলাম খান এমপি, আবদুল হালিমসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- জামায়াতে ইসলামী