টিভি সাংবাদিকদের সঙ্গে সভায় অহিংস কর্মসূচির প্রতিশ্রুতি জামায়াতের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০১
গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে ভবিষ্যতে যেসব কর্মসূচি দেওয়া হবে, সেগুলো অহিংস ও শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে গঠনমূলক ও দায়িত্বশীলভাবে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে দলটি।
বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর নির্বাহী কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানায় জামায়াত। সভায় দলটির আমির শফিকুর রহমান সভাপতিত্ব করেন।
সভা শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীরা বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকার প্রশংসা করেছেন। তাঁদের মতে, অতীতের যে কোনো সময়ের তুলনায় জামায়াতের বর্তমান ভূমিকা গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।
গোলাম পরওয়ার বলেন, সাংবাদিকরা জামায়াতকে আরও ভালো ও জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন। সরকারের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে। তবে এসব কর্মসূচি হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। রাজপথের আন্দোলনও অহিংস রাখার বিষয়ে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।
মতবিনিময় সভায় ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন সাংবাদিকরা। গোলাম পরওয়ার বলেন, তাঁরা জানিয়েছেন, প্রিন্ট মিডিয়ার তুলনায় টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো, ওয়েজ বোর্ড ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন জামায়াতের আমির।
তিনি বলেন, জনদুর্ভোগের বিভিন্ন বিষয়ও সাংবাদিকরা সভায় তুলে ধরেছেন। এ সময় জামায়াত আমির বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট তৈরি হতে পারে। তাই কোনো ধরনের ভিন্নমত না রেখে গণভোটের রায় মেনে নেওয়া উচিত।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, সন্ত্রাস ও দলীয়করণসহ বিভিন্ন বিষয় সভায় তুলে ধরেছে জামায়াত। গোলাম পরওয়ার বলেন, শুধু সংবাদ পরিবেশন নয়, জনমত ও জাতীয় ঐকমত্য তৈরিতেও টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জামায়াতের আমির শফিকুর রহমান দলটির কর্মকাণ্ডে কোনো ত্রুটি থাকলে তা খোলামেলাভাবে জানানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বাংলাভিশনের প্রধান সম্পাদক আবদুল হাই সিদ্দিক, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার বার্তা প্রধান মনিউর রহমান, এটিএন নিউজের বার্তা প্রধান শহিদুল আজম, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির বার্তা প্রধান ইলিয়াস খান, এখন টিভির বার্তা প্রধান মোস্তফা কামাল স্বপনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নির্বাহী কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
এ ছাড়া জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, রফিকুল ইসলাম খান এমপি, আবদুল হালিমসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- সাংবাদিক