ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
×

মোহাম্মদ ছায়েদুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৩৬ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৩৭

চট্টগ্রাম নগরীর হালিশহরের নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে হালিশহরের উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে নানা আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে পুলিশ যাবতীয় বিষয় খতিয়ে দেখছে।

জানা গেছে, ছায়েদুর রহমানের তিন মেয়ে। এরমধ্যে দুইজন পড়াশোনা করছে ঢাকায়। মেজ মেয়ে চিকিৎসক, তিনি থাকতেন ছায়েদুর রহমানের সঙ্গে।

ছায়েদুর রহমানের সহকর্মীসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় উপস্থিত ছিলেন ছায়েদুর রহমান। সন্ধ্যার সময় তার স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। সেসময় ছায়েদুর রহমান ফোন করে স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। স্ত্রী বাসায় ফিরে ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তার কান্না ও আহাজারি শুনে আত্মীয় স্বজনরা ছুটে আসেন। তারা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন

×