ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বিজয় র‌্যালির ব্যানার কেড়ে নেওয়ায় পুলিশ কর্মকর্তার ওপর হামলা

বিজয় র‌্যালির ব্যানার কেড়ে নেওয়ায় পুলিশ কর্মকর্তার ওপর হামলা
×

বিএনপিপন্থি একটি সংগঠনের বিজয় র‌্যালির ব্যানার কেড়ে নেওয়ায় হামলার শিকার হন এক পুলিশ কর্মকর্তা - সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩১ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৭

বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিএনপিপন্থি একটি সংগঠনের র‌্যালির ব্যানার কেড়ে নেওয়ায় নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের দুই নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই পুলিশ পরিদর্শককে লাঞ্ছিত ও মারধর করেন বিএনপি কর্মীরা। এ ঘটনায় বিএনপির চার নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক নূরে এলাহি সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব ওরফে স্বপন, কামরুল ও মামুন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে সোমবার প্রজন্ম-৭১ নামে বিএনপিপন্থি একটি সংগঠন শহরে র‌্যালি বের করে। স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়ার নেতৃত্বে র‌্যালিটির একটি অংশ দুই নম্বর রেলগেট এলাকায় পৌঁছলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন ব্যানার কেড়ে নিলে র‌্যালিতে থাকা নেতাকর্মীরা তার ওপর চড়াও হন। তারা ধাওয়া করে জয়নাল আবেদীনের ইউনিফর্ম ধরে টানাটানি ও তাকে মারধর করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ ও চার নেতাকর্মীকে আটক করে। এ ঘটনার কিছু সময় পর শহরের মিশনপাড়া এলাকা থেকে বিএনপি নেতা মনিরুল আলম সজলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হলে পুলিশ তাদেরও ধাওয়া দেয়।

সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে উস্কানিমূলক স্লোগান দিলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তিনি জানান, পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে লাঞ্ছিতের ঘটনায় বিএনপির চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×