নারায়ণগঞ্জে বিজয়স্তম্ভে তালা
জেলা পরিষদ কর্মকর্তাদের এ কেমন আচরণ
বিজয়স্তম্ভে প্রবেশপথের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা পরিষদের কর্মকর্তারা। ফলে অনেকেই বিজয় র্যালি নিয়ে এসেও ফুল দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন -সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ১০:৪০
নারায়ণগঞ্জে জেলা পরিষদ কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার কারণে সোমবার বিজয় দিবসে বিজয়স্তম্ভে অনেক সংগঠনই পুষ্পস্তবক অর্পণ করতে পারেনি। সোমবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু বিজয়ের দিন দুপুর ১২টার আগেই বিজয়স্তম্ভে প্রবেশপথের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন জেলা পরিষদের কর্মকর্তারা। ফলে অনেকেই বিজয় র্যালি নিয়ে এসেও ফুল দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মহানগর বিএনপিসহ বিভিন্ন সংগঠন বিজয়স্তম্ভের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিন্তু সকাল ১১টা বাজতেই বিজয়স্তম্ভের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওই সময় সোনালী ব্যাংকের সিবিএ নেতা হারুনের সঙ্গে জেলা পরিষদের নিয়োজিত সদস্যের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
নিতাইগঞ্জ থেকে র্যালি নিয়ে চাষাঢ়া বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারসহ বিএনপির নেতাকর্মীরা। কিন্তু বিজয়স্তম্ভের গেটে তালা দেওয়া থাকায় নেতাকর্মীরা গেটেই ফুল দেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
চাষাঢ়া বিজয়স্তম্ভে জেলা পরিষদ নিয়োজিত এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'জেলা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে তালা দিয়ে চলে যেতে। তাই তালা দেওয়া হয়েছে। এখানে আর কেউ ঢুকতে পারবে না।'
সিবিএ নেতা হারুন বলেন, 'বিজয়স্তম্ভ জেলা পরিষদ করলেও এটা নারায়ণগঞ্জবাসীর। বিজয়ের এদিনে এভাবে তালা দেওয়া ঠিক হয়নি।'
তৈমুর আলম খন্দকার বলেন, 'আমরা এখানে শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হয়েছি। শ্রদ্ধা জানানোর জন্য ফুলটা আমরা বিজয়স্তম্ভে দেবো, সেটা আমরা দিতে পারিনি। কারণ বিজয়স্তম্ভ তালাবদ্ধ করে রাখা হয়েছে। তাই গেটেই দিয়ে গেলাম। এ নিয়ে আমরা প্রশাসন কিংবা সরকারের কাছে বিচার চাই না। নারায়ণগঞ্জের নাগরিক ও সাধারণ মানুষের কাছে আমাদের এ অভিযোগ রইল। এটা আপনারাই দেখবেন। কারণ বিজয়স্তম্ভ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের।'
উল্লেখ্য, দীর্ঘদিন অবহেলায় থাকার পর জেলা পরিষদের উদ্যোগে ২৫ লাখ টাকা ব্যয় করে সংস্কার করা হয় বিজয়স্তম্ভের। মূল কাঠামো ঠিক রেখে সংস্কার করা হয় তার চারপাশ। নতুন করে ওটার গায়ে ৫৬টি বাতি, চারটি স্ট্রিট লাইট লাগানো হয়। এ ছাড়া সৌন্দর্যবর্ধনে স্তম্ভের চারদিকে গোল করে ঝরনা, রঙিন বাতি ও ফুলগাছ লাগানো হয়।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- বিজয়স্তম্ভ
