চট্টগ্রামে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, রিপোর্ট মিলবে ৩০ মিনিটে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ আগস্ট ২০২১ | ০৭:৫১
চট্টগ্রামের করোনা রোগীদের ডেডিকেটেড নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে বুধবার থেকে শুরু হয়েছে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম। এই হাসপাতালে এখন থেকে ২৪ ঘণ্টায় করা যাবে করোনার র্যাপিড এন্টিজেন টেস্ট ও ডেঙ্গু পরীক্ষা।
হাসপাতালটির জরুরি বিভাগে এসে যে কেউ করাতে পারবেন পরীক্ষা। করোনা টেস্টের জন্য ১১০ টাকা ফি নেয়া হলেও ডেঙ্গু পরীক্ষা করা যাবে একেবারে বিনামূল্যে।
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম জানান, করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দুটি পরীক্ষার ক্ষেত্রেই ৩০ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাবে। প্রথমদিনে ২৪ জনের ডেঙ্গু পরীক্ষা করা হলেও তাদের কারো নমুনা পরীক্ষায় ডেঙ্গু পাওয়া যায়নি। এখন থেকে যে কোন জ্বরের রোগী এখানে এসে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন।
এর আগে হাসপাতালটিতে দিনের ১২টা পর্যন্ত করোনার র্যাপিড এন্টিজেন টেস্ট কার্যক্রম চলছিল।
- বিষয় :
- চট্টগ্রাম
- ডেঙ্গু
- করোনা
- বিনামূল্যে
