ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দিনাজপুরে কড়া আদিবাসীর উন্নয়নে ‘কড়া ভাবনা’

দিনাজপুরে কড়া আদিবাসীর উন্নয়নে ‘কড়া ভাবনা’
×

এই নৃগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আগানো হচ্ছে বলে জানান ‘ভাবনা’ প্রধান।

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১ | ১০:৩১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ | ০৫:৪৯

বিলুপ্ত কড়া আদিবাসী নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে দিনাজপুরে ‘কড়া ভাবনা’ নামে একটি অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে ‘ভাবনা’ সমাজ ও মানবিক বিকাশের আয়োজনে দিনাজপুরের বিরল উপজেলার হালজার ঝিনাইকুড়ি এলাকায় এই অনুষ্ঠান হয়।

‘ভাবনা’র প্রধান নির্বাহী মুস্তাফিজুর রহমান রূপমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকা আকবর তৃষা, পাঠসূত্রের নির্বাহী প্রকাশক তনুজা আকবর, নরসিংদী জেলা রেজিস্ট্রার কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, কড়া গ্রামের মাহাতো (প্রধান) যোগেন কড়া, বিমান কড়া প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয় দিনাজপুরে বিলুপ্তপ্রায় কড়া সম্প্রদায় নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। শুধু এই সম্প্রদায়ের অস্তিত্ব টিকিয়ে রাখা নয়, তাদের জীবনমান উন্নয়ন করাও তাদের লক্ষ্য। এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে বিদ্যালয়গামী হয়, পশু পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে, সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। বাল্যবিয়ে প্রতিরোধ করতেও এ সময় সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। ওই এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠারও ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে ২৪টি কড়া সম্প্রদায়ের পরিবারের মাঝে দুটি করে কম্বল, সাবান, মাস্ক ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়। পরে কড়া সম্প্রদায়ের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তারা।

‘ভাবনা’র প্রধান নির্বাহী মুস্তাফিজুর রহমান রূপম বলেন, দীর্ঘদিন ধরেই তারা এই সম্প্রদায়ের মানুষকে নিয়ে কাজ করছেন। কীভাবে তারা স্বাবলম্বী হয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে সে লক্ষ্য নিয়ে আগানো হচ্ছে।

বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক কড়া সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আপনারা দেশের প্রাচীন একটা জনগোষ্ঠী, আমরা চাই অন্য সবার মতো আপনারাও এ দেশে মাথা উঁচু করে বাঁচুন। এ জন্য শিক্ষাটা খুব জরুরি, আপনাদের জন্য এখানে স্কুলের ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে আপনারা অন্যদের মতো লেখাপড়া শিখতে পারেন।

আরও পড়ুন

×