ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চট্টগ্রামে র‌্যাব-সন্ত্রাসী গুলি বিনিময়, গ্রেপ্তার ৫

চট্টগ্রামে র‌্যাব-সন্ত্রাসী গুলি বিনিময়, গ্রেপ্তার ৫
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:২১ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:২১

চট্টগ্রামে একটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে র‌্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সংস্থাটির দাবি, সন্ত্রাসী বাহিনীর পাঁচ সদস্যকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে শনিবার মধ্যরাতে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা।

জানানো হয়, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১১টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া সেনা সদস্যদের ব্যবহার করা একই ধরনের কিছু পোশাক ও একটি বাইনোকুলার উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার পাঁচজন হলো— রফিকুল ইসলাম মালু (৪১), সিরাজুল ইসলাম (৩৪), মো. হাসান (৩৫), জামাল শেখ (৪৭) ও মিজানুর রহমান কদর (৩৫)।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মশিউর বাহিনীর সন্ত্রাসীদের ধরতে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। প্রথমেই আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি। তাদের নিয়ে ছিন্নমূল পাহাড়ে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করি। তখন শিবলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রথমে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে রাতের অন্ধকারে পাহাড়ে অবস্থান নিয়ে গুলিবর্ষণ শুরু করে তারা। আমরাও পাল্টা গুলিবর্ষণ করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব ১২৯ রাউন্ড গুলি চালিয়েছে। সন্ত্রাসীদের ছোঁড়া ইটের আঘাতে তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন।’

র‌্যাব সূত্র জানায়, মশিউর অপরাধ কর্মকাণ্ডের জন্য একটি বাহিনী তৈরি করেন। ছিন্নমূল এলাকায় পাহাড়ে খাস জমি দখল, কেনাবেচা, চাঁদাবাজি, অবৈধ বিদ্যুৎ ব্যবহারসহ বিভিন্ন অপরাধে মশিউর ও তার বাহিনী জড়িত। ছিন্নমূল সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের  নেতৃত্ব দিতেন কাজী মশিউর রহমান। ওই সংগঠনের মাধ্যমে তিনি অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন। গত ৬ ডিসেম্বর তাকে গ্রেপ্তারের পর ছেলে শিবলু ওই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।

আরও পড়ুন

×