কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরলো পুলিশ
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:০০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:০০
ফরিদপুর কৃষকের ছদ্মবেশে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারের নেতৃত্বে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরীপের ডাঙ্গী গ্রামে কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিজানুর রহমান সরদারকে আটক করে পুলিশ।
আটককৃত মিজানুর রহমান (৩৫) সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরীপের ডাঙ্গী গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে।
জানা যায়, ২০১৯ সালে মিজানুর রহমানের বিরুদ্ধে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের হয়। মামলা নং ৯০/১৯। মামলার বাদী ফরিদপুর জেলার কানাইপুর এলাকার মো. হাসান। বোনকে অপহরণের দায়ে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন আসামি মিজানুর রহমান। ওই মামলায় আসামি মিজানুর রহমান অনুপস্থিত থাকায় তাকে ১৪ বছর সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
পরবর্তীতে আদালত থেকে পুলিশ সুপার ফরিদপুর কার্যালয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। সমন আদেশটি সদরপুর থানায় আসার পর থেকেই আসামিকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।
এ প্রসঙ্গে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, আদালত থেকে পলাতক মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান পাওয়ার পর থেকেই তাকে আটকের চেষ্টা চালানো হয়। এজন্য পুলিশ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তার ইউনিয়নে অবস্থান করে। কৃষক বেশে মিজানুর রহমানকে আটক করেন থানার এএসআই আহসান হাবীব।
আটকের পর তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
